কুমিল্লায় যানজট নিরসনে চার স্তরের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের প্রতিটি স্টেশনে সেনাবাহিনী, জেলা পুলিশ, হাইওয়ে পুলিশ এবং কমিউনিটি পুলিশিং সদস্যরা কাজ করছেন।
এসব নিরাপত্তার মধ্য দিয়েও মহাসড়কের কুমিল্লা অংশের ৬ স্পটে যানবাহনের জটলা লক্ষ্য করা গেছে। এছাড়া কুমিল্লা সিলেট আঞ্চলিক মহাসড়কের ৬ স্পটে তীব্র যানজটের খবর পাওয়া গেছে। এতে ঈদে ঘরমুখো মানুষের কিছুটা বিড়ম্বনায় পড়তে হয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, মঙ্গলবার সকাল থেকেই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মহাসড়কের বিভিন্ন স্টেশনে অবস্থান করছে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ইলিয়াটগঞ্জ, মাধাইয়া, নিমসার, চান্দিনা, ময়নামতি ক্যান্টনমেন্ট, আলেখারচর এলাকায় থেমে থেমে দিনভর যানজটের সৃষ্টি হয়েছে।
এদিকে কুমিল্লা সিলেট আঞ্চলিক মহাসড়কের ছয়টি স্পটে তীব্র যানজট চলছে। মহাসড়কের রামপুর, কংশনগর, জাফরগঞ্জ, কালিকাপুর, দেবিদ্বার এবং কোম্পানীগঞ্জ এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে। এতে ঈদে ঘরমুখো মানুষের বিড়ম্বনা হয়েছে।
কংশনগর এবং দেবিদ্বার এলাকায় সড়ক সংস্কারের কারণে তীব্র যানজট হচ্ছে। এসব এলাকায় যানজট নিরসনে আইনশৃঙ্খলা বাহিনী সক্রিয়ভাবে কাজ করছে।
কুমিল্লা অঞ্চলের হাইওয়ে পুলিশ সুপার মোহাম্মদ শাহিনুর আলম খান বলেন, মহাসড়কে কোনো যানজট নেই। যানজট নিরসনে চার স্তরের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। মানুষ শান্তিপূর্ণভাবেই বাড়ি ফিরতে পারছে।
তিনি বলেন, কোথাও যানবাহনের জটলা বাঁধলে আমরা সঙ্গে সঙ্গে সেখানে পেট্রোল টিম দিয়ে যানজট নিরসন করে দিচ্ছি। মহাসড়কে যানজট নিরসনের পাশাপাশি সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী।


